প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের পরই বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রী জানান, দেশে বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা হবে।
তিনি বলেন, শুধু হকার উচ্ছেদ নয়, তাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সব শ্রেণিপেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া বিদেশে কর্মসংস্থান বাড়ানো, খেলোয়াড় বাছাইয়ে নতুন কর্মসূচি চালু এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাওয়া ‘ষড়যন্ত্রকারীদের’ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সবশেষে তিনি বলেন, নারী-পুরুষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে এবং প্রত্যাশিত বাংলাদেশ গঠনে সবাইকে ‘দেশ গড়ার শ্রমিক’ হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.