ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

ইরান যুদ্ধ থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবটি শেষ পর্যন্ত নাকচ করেছে মার্কিন সিনেট। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭-৫০ ভোটে পরাজিত হয়, ফলে যুদ্ধের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি সুযোগ হাতছাড়া হলো।

এ ভোটাভুটি এমন এক সময় অনুষ্ঠিত হয়, যখন ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ৬০ দিনের আইনি সময়সীমা শেষ হওয়ার মুখে। ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া সীমিত করা হয়েছে।

ভোটে রিপাবলিকান দলের মাত্র দুই সদস্য—মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স ও কেনটাকির র‍্যান্ড পল—দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন।

আইন অনুযায়ী, কোনো যুদ্ধে সেনা মোতায়েনের ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, না হলে অভিযান বন্ধ করতে হয়। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ৩০ দিন সময় বাড়াতে পারেন। গত ২ মার্চ ইরানে সামরিক অভিযান শুরুর বিষয়ে কংগ্রেসকে অবহিত করায়, শুক্রবারই এ সময়সীমা শেষ হচ্ছে।

আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের একাংশের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সময়সীমার পর যুদ্ধ চালিয়ে যাওয়া ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে। তবে সিনেটের এ ভোটাভুটি দেখিয়েছে, যুদ্ধ বন্ধে কঠোর অবস্থান নিতে এখনো বিভক্ত মার্কিন রাজনীতি। রিপাবলিকানরা প্রস্তাবটিকে রাজনৈতিক বলে আখ্যা দিয়ে বিকল্প ব্যবস্থা—যেমন সীমিত যুদ্ধ অনুমোদন বা স্থলসেনা মোতায়েনে নিষেধাজ্ঞা—নিয়ে ভাবছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.