নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪২) নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থীরা বলেন, দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে এলোপাতাড়ি গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। সেসময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারী দুইজনই ক্যাপ ও মাস্ক পরা ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.