স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
মঙ্গলবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দৃশ্যমান পুলিশ টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
মন্ত্রী জানান, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহায়তা করছে। এছাড়া দেশ-বিদেশে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে বলেও তিনি জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.