‘দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনের আগে থেকেই একটি গোষ্ঠী তৎপর’
দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনের আগে থেকেই একটি গোষ্ঠী তৎপর ছিল। নির্বাচনে ব্যর্থ হয়ে সেই শক্তিটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
তিনি সতর্ক করে বলেন, ‘এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।’
ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলেই সরকার বিশ্বাস করে। কোনো অপশক্তি যেন দেশে স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.