শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। হামলায় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানার ভেতরেই এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদের নাম এডিট করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার মূল সূত্রপাত।

এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক ও শিবির নেতা এস এম ফরহাদ বলেছেন, ঈশান চৌধুরী নামে ছাত্রলীগের একটি আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেওয়া হয়। এরপরে অরণ্য আবির নামে একটি আইডি থেকে পোস্টটি ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ আল মাহমুদ দেয় বলে প্রচার করা হয়। বিষয়টি মাহমুদ নিজের আইডি থেকে ক্লিয়ার করে।

এরপরেও ছাত্রদল তাঁকে হুমকি দিয়ে আসছিল অভিযোগ করে ফরহাদ বলেন, মাহমুদ শাহবাগ থানায় ডিজি করতে গেলে তাঁকে এক ঘন্টারও বেশি সময় বসিয়ে রেখে জিডি নেওয়া হয়নি। এখানে ছাত্রদলের লোকজন বহিরাগতদের নিয়ে মাহমুদকে থানায় আক্রমণ করতে যায়। তখন বিষয়টি সমাধানের জন্য এবি জুবায়ের ও মুসাদ্দিকসহ কয়েকজন থানায় গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা করে।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, আবদুল্লাহ আল মাহমুদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের দাবি, তারা যখন থানায় অভিযোগ করতে আসেন, তখন তারা অভিযুক্ত মাহমুদকে সেখানে উপস্থিত দেখতে পান। এই সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

তবে আল মাহমুদ জানান, তার নামে এটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করতে গেলে খোঁজ পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.