ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি-র ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বার্লিন-এ একটি ভবন থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক।
ধারণা করা হচ্ছে সেটি টমেটোর জুস বা সস হতে পারে।
তরল ছুড়ে মারার পর সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যম ইয়েনি সাফেক এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেন রেজা পাহলভি। এরপরই তার ওপর তরল ছুড়ে মারা হয়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালের ইরানি বিপ্লব-এ ক্ষমতাচ্যুত হন।
তবে ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এখনো আশা করেন, তিনি একদিন ইরানে ফিরে গিয়ে শাহ শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন।
এদিকে জার্মানিতে অবস্থান করলেও দেশটির সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেননি। তবে তিনি প্রবাসী ইরানিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.