ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোটগ্রহণ শুরু হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, বিকেল ৫টা পর্যন্ত ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার ৯৩ দশমিক ১২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ১৫২টি আসনে। যার মধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন সাড়ে তিন কোটিরও বেশি।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। তবে ওইদিন ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যটিতে আগামী পাঁচ বছরের জন্য কে ক্ষমতায় আসবে সেটি জানা যাবে ৪ মে।
পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয় পায়। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
ওই নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার রাজ্যটির ক্ষমতায় আসে। সর্বশেষবার বিজেপি খুব বেশি আসন না পেলেও এবার তারা ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসে দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.