উপসাগরীয় অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে কুয়েতের বৈধ সিভিল আইডিধারী বা নতুন ভিসাপ্রাপ্ত যেসব বাংলাদেশি নাগরিক বর্তমানে কুয়েতে প্রবেশ করতে পারছেন না, তাদের বিষয়ে কুয়েত সরকার নতুন নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (২২ এপ্রিল) দূতাবাসের প্রথম সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার এ তথ্য জানান।
কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য তিন মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এ উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা (বেসরকারি খাতে চাকরি, গৃহকর্ম, পারিবারিক পুনর্মিলনসহ অন্যান্য) ধারণকারী যেসব বিদেশি নাগরিক বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে দূতাবাস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.