বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১৪ হাজারের অধিক বৃক্ষ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। ‘আপনার সাথে সবুজের পথে’ এই স্লোগানকে উপজীব্য করে সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই সময় বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেন্স ব্যাংকিং নিগার মমতাজ, এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মো. রশিদ উদ্দিন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার, রিটেইল ব্যাংকিং ইউনিট হেড এস. এম. তানভীর হাসান এবং মোহাম্মদপুর শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. খায়রুল বাশারসহ এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও মোহাম্মদপুর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয় এবং প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত কর্মসূচির আওতায় সারা দেশের ১৪২টি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ প্রায় চৌদ্দ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
এসময় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিটি বাড়ির আঙিনা, বাসার ছাদ কিংবা পতিত জমিতে গাছ লাগিয়ে এই সবুজের ঘাটতি পূরণের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, এনসিসি ব্যাংক সবসময় পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে। তিনি এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের এনসিসি ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব ‘এনসিসি নিয়ো একাউন্ট’-এর সেবা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি এই কার্যক্রমেরই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ব্যাংকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.