৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্পূরক প্রশ্ন উত্থাপনের সময় রুমিন ফারহানা অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সংসদে সম্পূরক প্রশ্ন করার সময় রুমিন ফারহানা বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরুতেই সেই লক্ষ্যমাত্রা ১০৮ শতাংশ ছাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান তিনি।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে বলেন, এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে। অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি। এই ঋণ বর্তমান সরকারের কর্মফল না। বিএনপি’র যে অর্থনৈতিক পলিসি, তা হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.