অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-কে প্রধান করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সার্বিক মূল্যায়ন করবে।
রবিবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৪ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রতি তিন মাসে একবার বৈঠক করবে। এছাড়া প্রতিবছর মার্চ মাসে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে ১৮টি কর্মসূচির কার্যক্রম মূল্যায়ন করে পরবর্তী অর্থবছরের বাজেট নির্ধারণ করা হবে।
তালিকাভুক্ত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভাতা, মা ও শিশু সহায়তা, ভালনারেবল উইমেন বেনিফিট, অতি দরিদ্রদের কর্মসংস্থান, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী, রপ্তানিমুখী শিল্পের দুস্থ শ্রমিকদের সহায়তা, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়; ধর্মবিষয়ক মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.