প্রতিষ্ঠার সার্ধশত বছর পর নগর সংস্থা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া পৌরসভা। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় পৌর নবসৃষ্ট এই সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর সংস্থা হিসেবে যাত্রা শুরু করল উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই জেলা শহরটি।
আগে থেকে থাকা ১২টি সিটি কর্পোরেশন হচ্ছে—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
সিটি কর্পোরেশন ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া–৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভা কার্যক্রম শুরু হয়েছিল। এ পৌরসভার অধীনে ছিলো ২১টি ওয়ার্ড। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়।
সেই সময় বগুড়া পৌরসভাকে ‘সিটি কর্পোরেশনে‘উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.