চলতি বছর ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি, বেসরকারি, বিদ্যুৎ আমদানিসহ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে দেশের সরকারি, বেসরকারি, বিদ্যুৎ আমদানিসহ বিদ্যুৎ কেন্দ্রগুলির চলতি বছর ৯ এপ্রিল পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ ৫২,৩০০ দশমিক ৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি-বেসরকারি কোম্পানির গ্যাস বিল বকেয়া বাবদ পেট্রোবাংলার নিকট ১১,৬৩৪ দশমিক ০৬ কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ বকেয়া ৩,৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা। গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭,৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা। জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া ১৫,৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।
মন্ত্রী জানান, সরকারি কোম্পানির ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫,৬২৩ দশমিক ০৩ কোটি টাকা ও হইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাংকের নিকট ঋণের পরিমাণ ১,৪৯,৩১১ দশমিক ২৬ কোটি (এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশত এগারো কোটি ছাব্বিশ লক্ষ) টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.