চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে ডলারের সরবরাহ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা শুরু করে। এদিকে প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ এপ্রিল) ইসলামী ব্যাংক থেকে ৭০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট দুটিই ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে এবং বিদেশি লেনদেন তুলনামূলক কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২ মার্চ দুটি ব্যাংকের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল। ওই সময় কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৫৬ কোটি ৩৫ লাখ ডলার (৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক ডলার কেনার ফলে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, যা দুই দিন আগে ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.