যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইম-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বুধবার (১৫ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে সাময়িকীটি। তালিকায় তারেক রহমানকে নিয়ে বিশেষ নিবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।
টাইমের এ বছরের বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় সবার শীর্ষে রয়েছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এরপর লিডারস ক্যাটাগরির এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এরপরই চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লিডারস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বেছে নেওয়ার বিষয়ে টাইম ম্যাগাজিনের এডিটর অ্যাট-লার্জ ক্যাম্পবেল বলেছেন, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। দীর্ঘ ১৭ বছর মাতৃভূমি থেকে দূরে থাকার পর গত ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয়লাভের মাধ্যমে তিনি দেশের নেতৃত্বের হাল ধরেন।
নিবন্ধে আরও বলা হয়, এই বিজয়ের মাধ্যমে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। গত জানুয়ারিতে টাইমের সঙ্গে আলাপকালে তারেক রহমান জানিয়েছিলেন, ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই দেশকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই তার মূল লক্ষ্য। উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব দূরীকরণ এবং ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে নিবন্ধটিতে।
টাইমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা প্রোফাইলে বলা হয়েছে, নির্বাচনে জয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর মারা যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.