হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের তিন জেলায় এসব শিশুর মৃত্যু হয়। বর্তমানে দেশজুড়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চারটি সিটি করপোরেশন ও ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। অধিদপ্তর আরও জানিয়েছে, পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে বিস্তার লাভ করবে।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। অভিভাবকদের প্রতি তাঁদের পরামর্শ- শিশুর নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ জোর দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.