দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই উদ্বোধনকে কেন্দ্র করে আজ (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই বিশেষ কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন। কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে প্রি-পাইলটিং হিসেবে কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তিন ধাপে সারা দেশে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে এই ঐতিহাসিক কর্মসূচির উদ্বোধন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামীকাল দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আমরা আশা করছি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.