দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
সোমবার (১৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, আজ আইএমএফের হিসাব অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতি) দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৯৭ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৬৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে গত বৃহস্পতিবার আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ ছিল দুই হাজার ৯৯৫ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল তিন হাজার ৪৬৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে রিজার্ভের পালে ইতিবাচক হাওয়া লেগেছে। গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। সেই তুলনায় বর্তমান রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.