হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর।
নির্বাচনে জিতে দানিউব নদীর তীরে বুদাপেস্টের পার্লামেন্ট ভবনের বিপরীতে দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পেরেছি। আমরা একসাথে হাঙ্গেরির এই শাসনব্যবস্থাকে উৎখাত করেছি।
নির্বাচনের প্রাথমিক ফলাফল বলছে, যেখানে ৯৮ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে এবং এতে দেখা যাচ্ছে, পেইতার মোজোর তিসজা পার্টি পেতে যাচ্ছে ১৩৮টি আসন আর ভিক্তর অরবানের ফিদেজ পার্টি পাচ্ছে ৫৫টি আসন। এর বাইরে দেশটির কট্টর ডানপন্থী দল আওয়ার হোমল্যান্ড পাচ্ছে ছয়টি আসন।
বিশ্লেষকরা ধারণা করছেন, পেইতার মোজোর এই জয়ের মধ্য দিয়ে বিশ্বের সাথে হাঙ্গেরির সম্পর্ক নতুন করে গড়ে উঠবে।
উল্লেখ্য, ভিক্তর অরবান ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অরবানের সমর্থনে হাঙ্গেরিতে উপস্থিন হন। পাশাপাশি, অরবানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের জন্য বড় এক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এতদিন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.