অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশটি বাতিল হওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর বিদায়ী সদস্যদের পক্ষ থেকে একটি খোলাচিঠিও গণমাধ্যমে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। এর ফলে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটি বাতিল হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯’ পুনরায় কার্যকর হয়েছে। বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
পদত্যাগ প্রসঙ্গে বিদায়ী কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে পদত্যাগের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি, বরং এক ধরনের ধোঁয়াশা বজায় রাখা হয়েছে। যেহেতু আমরা আগের অধ্যাদেশের মাধ্যমে দায়িত্ব পেয়েছিলাম এবং এখন সেটি বহাল নেই, তাই পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.