গুমের মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি গুমের মামলায় শেখ মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

গত ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ। এদিন বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরই মধ্যে অন্য মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.