হরমুজ প্রণালি অবরোধে যোগ দেবে না যুক্তরাজ্য
হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধে অংশগ্রহণ করবে না যুক্তরাজ্য।
সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, ইরানের বন্দরগুলো অবরোধ করতে ব্রিটিশ নৌ জাহাজ ও সৈন্য ব্যবহার করা হবে না, তবে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-বিরোধী সক্ষমতা এই অঞ্চলে চালু থাকবে।
খবরে বলা হয়, যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নৌচলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে সমর্থন করি। এটি বৈশ্বিক অর্থনীতি এবং দেশের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য অত্যন্ত জরুরি।’
পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে কাবু করতে হরমুজ প্রণালি অবরোধের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১২ এপ্রিল) শুরুতে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের সব বন্দরে অবরোধ জারির কথা জানায় মার্কিন সামরিক বাহিনী।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে ইরানের বন্দরে প্রবেশকারী ও সেখান থেকে ছেড়ে যাওয়া জাহাজ অবরোধ করা শুরু করবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘এই অবরোধ সব দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে প্রয়োগ করা হবে। তবে তাদের বাহিনী হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য যাতায়াতকারী জাহাজগুলোর চলাচলে বাধা দেবে না।’
এদিকে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, প্রণালিটির দিকে এগিয়ে আসা যেকোনো সামরিক জাহাজকে বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে দেখা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুতের মূল্যহার সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.