এ বছর ৭৮৫০০ জন বাংলাদেশী হজ পালন করবেন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন বলে জানানো হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন সেবায় কোনো ধরনের গাফিলতি না থাকে। পাশাপাশি আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজ গাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে। হজ এজেন্সিগুলোকে তিন দিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি, হোটেল ও ফ্লাইট সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া হজ শেষে এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভায় ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও চ্যালেঞ্জ উপস্থাপন করেন।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কো-অপ্ট করার সিদ্ধান্ত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.