তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান দিলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, এই উদ্যোগকে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রবিবার (১২ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান, কমিশনারবৃন্দ, জুরিবোর্ড সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য দেন কমিশনার ফারজানা লালারুখ।
অনুষ্ঠানে জুরিবোর্ড সদস্য হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের পরিচালক খায়রুল বাশার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি ভিডিও প্রদর্শন করা হয়।
কমিশনার ফারজানা লালারুখ বলেন, সুস্থ ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই। তিনি জানান, দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল ভিডিও জমা দেয়।
চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান দিলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, এই উদ্যোগকে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের অর্থপুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া ১০টি দলকে উৎসাহ পুরস্কার দেওয়া হয়।
বিজয়ী দলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দল, যারা পুঁজিবাজার সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক জ্ঞান বিষয়ক ভিডিও তৈরি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন করে তুলবে এবং দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.