ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চালু করেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান’, যার মাধ্যমে গ্রাহকরা এক প্ল্যাটফর্মেই ব্যাংকিং সেবা থেকে শুরু করে কেনাকাটা, ভ্রমণ বুকিং ও বিল পরিশোধসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
রবিবার (১২ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ নীতিনির্ধারক, ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেয়ারম্যান শরীফ জহীর বলেন, সুশাসন ও শৃঙ্খলার ফলে ইউসিবি সাম্প্রতিক সময়ে ভালো করছে এবং ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস ব্যাংকিং জোরদারে কাজ করছে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ইউসিবি ওয়ান শুধু একটি অ্যাপ নয়, বরং সব সেবাকে একত্রিত করে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার একটি উদ্যোগ। এটি তরুণ ও প্রযুক্তি-সচেতন গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী হবে।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন অ্যাপটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি জানান, ইউসিবি ওয়ানের মাধ্যমে তাৎক্ষণিক হিসাব খোলা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্ট এবং ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা লাইফস্টাইল সেবা, খাবার অর্ডার, ভ্রমণ বুকিং ও টিকিটিং সুবিধাও গ্রহণ করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আরও নতুন ফিচার যুক্ত করা হবে। এছাড়া উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং আন্তর্জাতিক মানের তথ্য নিরাপত্তা সনদ অর্জন করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.