ইরাকের পার্লামেন্ট গতকাল শনিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজার আমেদিকে নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে ইরাকে সরকার গঠনপ্রক্রিয়া স্থবির করে রাখা দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।
প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান মনোনীত প্রার্থী আমেদি শনিবার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ২২৭ ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুথানা আমিন নাদেরকে পরাজিত করেন। নাদের মাত্র ১৫ ভোট পেয়েছেন।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আক্রমণ-এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরাকের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ষষ্ঠ ব্যক্তি হলেন আমেদি।
পার্লামেন্টে ভোটাভুটির পর বক্তব্য দিতে গিয়ে আমেদি বলেন, তিনি দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি সরকারের তিনটি শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং ‘সবার আগে ইরাক’ নীতিতে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে ইরাকে হওয়া হামলার নিন্দা জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা শুরু করলে ইরান পাল্টা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। পরবর্তীতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা চালালে ইরাকি সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হন।
প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন সবার দৃষ্টি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে। এটি আরও গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০৩ সালের পর ইরাকে ক্ষমতা ভাগাভাগির একটি অলিখিত কাঠামো চালু রয়েছে। সে অনুযায়ী, প্রধানমন্ত্রী হন শিয়া মুসলিম, পার্লামেন্ট স্পিকার সুন্নি এবং প্রেসিডেন্ট হিসেবে একজন কুর্দি নির্বাচিত হন।
গত নভেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠন ছাড়াই প্রায় ১৫০ দিন পার হয়ে গেছে। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী মনোনয়নের জন্য আমেদির হাতে ১৫ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তাকে পার্লামেন্টের বৃহত্তম জোটের মনোনীত ব্যক্তিকে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে। এরপর মনোনীত ব্যক্তিকে ৩০ দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করতে হবে।
৫৮ বছর বয়সী আমেদি দীর্ঘদিন ধরে ইরাকের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তিনি দুজন সাবেক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবেশমন্ত্রী ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.