পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে।
রবিবার (১২ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ৯ এপ্রিল, ২০২৬ তারিখে কোম্পানি ম্যাটার নং ৩১৮/২০২৬-এ এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত নির্দেশনা প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৫০তম সভায় একীভূতকরণ সংক্রান্ত পরবর্তী সময়সূচি চূড়ান্ত করা হয়।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে আগামী ৪ মে, ২০২৬ তারিখে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ মে, ২০২৬ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ক্রেডিটরদের সম্মতির বিষয়টিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় থাকবে।
তবে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হবে শেয়ারহোল্ডার ও ক্রেডিটরদের অনুমোদন, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি এবং হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে।
উল্লেখ্য, এই একীভূতকরণের ভিত্তি তৈরি হয় ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, যখন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের ৪৬তম পর্ষদ সভায় একীভূতকরণ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, একীভূতকরণ বাস্তবায়িত হলে ওয়ালটন হাই-টেকের পণ্য লাইন আরও শক্তিশালী হবে। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে ওয়ালটন ডিজি-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা, নিট রাজস্ব ৯১৫.৮০ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ৪.০৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০২.৯৩ কোটি টাকা, নিট রাজস্ব ৭,০৮২.২৫ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ১,০৩৬.৬২ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের অবস্থান আরও সুদৃঢ় হবে। একীভূতকরণের মাধ্যমে উৎপাদন সক্ষমতা, বিপণন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।
তাদের মতে, এই সিদ্ধান্ত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.