হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। এ জন্য প্রাথমিকভাবে দুটি রণতরীও মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাইন অপসারণের জন্য দুই মার্কিন রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে সেন্টকম। ওই বার্তায় আরও বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালিকে সম্পূর্ণরূপে মুক্ত করতে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে জাহাজ দুটি পাঠানো হয়েছে।

একই দিনে পৃথক এক বিবৃতিতে সেন্টকমের শীর্ষ নির্বাহী কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, “আজ আমরা একটি নতুন পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করতে শিগগিরই এই পথকে বেসামরিক সামুদ্রিক জাহাজ চলাচল খাতের সঙ্গে শেয়ার করা হবে।”

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে জলমাইন পেতেছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তবে প্রণালির কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল, তা এখন শনাক্ত করতে সমস্যায় পড়ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

বিশেষজ্ঞদের মতে, নথির অসঙ্গতি এবং মাইন স্থানান্তরের কারণে এসব বিস্ফোরক শনাক্ত করা জটিল হয়ে উঠেছে। অনেক মাইন স্থানচ্যুত হয়ে অন্যত্র চলে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তিনি আরও জানান, শিগগিরই প্রণালির তলদেশে মাইন নিষ্ক্রিয়করণে বিশেষ যন্ত্রচালিত নৌযান পাঠানো হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.