দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ এপ্রিল থেকে ০৯ এপ্রিল) সুচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ১৭ হাজার ৫১৩ কোটি টাকা।
বাজার মূলধন কমলেও সূচকগুলো ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট।
একইভাবে, বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই–৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচকও বেড়েছে ৩ দশমিক ৬০ পয়েন্ট বা ০ দশমিক ৩৪ শতাংশ।
তবে লেনদেনে গতি কিছুটা বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ৩১ লাখ টাকা বেশি।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি কোম্পানির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টি কোম্পানির শেয়ারের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.