হরমুজ প্রণালিতে ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না : ট্রাম্প

গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড়।

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ বিমানঘাঁটি থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমানটি ছেড়ে যাওয়ার পর সাংবাদিকরা হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ইরানের টোল আদায়ের বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “না, আমরা এমনটা হতে দেবো না। এটা আন্তর্জাতিক জলপথ। আমরা কখনও এমনটা হতে দেবো না।”

জ্বালানি তেলের বৈশ্বিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানির প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ জারি করে ইরান। পরে মার্চের মাঝামাঝি সময়ে এই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

৯ এপ্রিল ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগেই টোল পরিশোধ করতে হবে। ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

এদিকে, ব্রিটিশ গণমাধ্যমকে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.