পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল নিয়ে মার্কিন বিমানবাহিনীর এয়ার ফোর্স টু। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে এসেছেন তারা।
স্থানীয় সময় শনিবার দুপুরে অবতরণের পর বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
ইরানের সাথে আলোচনায় জেডি ভ্যান্সের সাথে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
ভ্যান্স ও তার আলোচক দল শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন এবং আলোচনায় অংশ নিতে আগ্রহী।
তিনি আরো বলেন, ‘যদি ইরান আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত।’
তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তা গ্রহণ করবে না এবং আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু-তে করে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয় প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত আছেন।
রাজধানী ওয়াশিংটন থেকে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, প্রতিনিধি দলকে তিনি নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন।
এদিকে, মার্কিন প্রতিনিধিদলের আগমনের আগেই ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
ইরানি প্রতিনিধি দলে আরও রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইসহ মোট ৭১ কর্মকর্তা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.