ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক- সালেহ আহমেদ জয়ধর (৩০), সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.