লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।

বিবৃতিতে বলা হয়, এই আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল-লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা। খবর আল জাজিরার

এই ঘোষণা আসল এমন এক সময়, যখন বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। যা চলমান সংঘাতে সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে, লেবাননও এই চুক্তির অংশ। বিভিন্ন আন্তর্জাতিক নেতাও লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আলোচনার সম্ভাবনার কথা বলার কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে চলবে।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবারের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০-এর বেশি আহত হয়েছেন। নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটিতে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এর মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ নেতা নাইম কাসেমের এক সহযোগীকে হত্যা করেছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বিনত জবেইল শহরে ভারী গোলাবর্ষণ করেছে। একই সময়ে হিজবুল্লাহও অন্তত ২০টি হামলার দাবি করে জানিয়েছে, তারা ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে আঘাত হেনেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননের প্রায় ১৫ শতাংশ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.