জাতিসংঘ লেবাননে চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর শতাধিক নৃশংস হামলার বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল মাত্র ১০ মিনিটে ১০০ বিমান হামলা চালায়।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস সোসাইটি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ বৈরুতসহ লেবাননের আবাসিক এলাকায় পূর্ব সতর্কতা ছাড়া ভারী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। রেডক্রস এসব হামলাকে বেসামরিক জনগণের ওপর ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে।
ইসরায়েলি এই হামলায় লেবানন জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। বিমান হামলায় অন্তত ১৮৯ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছে। তবে কিছু স্থানীয় সূত্রে মৃতের সংখ্যা ২৫০ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ক বলেন, লেবাননে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মাত্রা অত্যন্ত ভয়াবহ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন রক্তপাত বিশ্বাস করা কঠিন। এটি শান্তি প্রক্রিয়ার ওপর বিরাট চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি।
ভলকার টার্ক আরও বলেন, সমস্ত অভিযোগকৃত লঙ্ঘনের বিষয়ে দ্রুত ও স্বাধীন তদন্ত জরুরি। পাশাপাশি দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, হামলার ব্যাপকতা এবং ইসরায়েলি কর্মকর্তাদের কিছু বক্তব্য (দক্ষিণ লেবাননের অংশ দখল বা সংযুক্ত করার ইঙ্গিত) গভীর উদ্বেগের সৃষ্টি করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.