আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা আরও সহজ করা হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আশ্বস্ত করেছে ভারত।
বুধবার (০৮ এপ্রিল) হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক ঘণ্টার বেশি সময়ের আলোচনায় এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়।
বৈঠকে জয়শঙ্কর নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক সূত্র জানায়, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চিকিৎসা ভিসা চালুর প্রস্তুতি চলছে। বৈঠকের পর জয়শঙ্কর এক্সে জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
এদিকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপক্ষ আঞ্চলিক–আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেছে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানায় বাংলাদেশ। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁদের দেশে ফেরত পাঠাতে দুই পক্ষ সম্মত হয়। আলোচনায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের অনুরোধও জানানো হয়—২০২৪ সালের ৫ আগস্টের পর এ প্রথম এমন অনুরোধ।
দুপুরে আরেক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি “বাংলাদেশ ফার্স্ট”—পারস্পরিক আস্থা ও সুফলের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য।
বিকেলে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। ভারত দ্রুত ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের বিজেপি সভাপতি নিতিন নবীনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। দিল্লিতে সফররত বিএনপি নেতাদের মাধ্যমে সেটি বিজেপির আন্তর্জাতিক বিভাগের প্রধান বিজয় চোথাউওয়ালের হাতে হস্তান্তর করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.