বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ তাঁর চাকরিকাল শেষে অবসর গ্রহণপূর্বক অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩:১৫ ঘটিকায় কমিশনের মাল্টিপারপাস হলে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, উক্ত বিদায় অনুষ্ঠানে কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সভাপতির বক্তব্য রাখেন। একইসাথে বিএসইসি’র কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম ও নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়াও কমিশনের ১০০৭তম কমিশন সভায় (০৭ এপ্রিল অনুষ্ঠিত) নির্বাহী পরিচালক জনাব এম. হাছান মাহমুদ এর অবসর জীবন আনন্দময়, সুস্বাস্থ্যকর ও শান্তিময় হোক এই কামনা ব্যক্ত করে এবং ভবিষ্যতেও তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে চেয়ারম্যান মহোদয়ের ডিও পত্রের মাধ্যমে শুভেচ্ছা প্রস্তাব সংবলিত পত্র জারীরও সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিবারের পক্ষ থেকে কমিশন সভায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় সুদীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে এই কমিশনে তাঁর পদচারণা কেবল একজন দক্ষ কর্মকর্তার উপস্থিতি ছিল না, বরং তা ছিল সততা, মেধা এবং কর্মনিষ্ঠার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। একজন চৌকশ নির্বাহী পরিচালক হিসেবে তাঁর সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সকলকে মুগ্ধ করেছে। তাঁর মতো একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সহকর্মীর অবসর গ্রহণে কমিশন এক বিশাল শূন্যতা অনুভব করবে। তবে তাঁর দেখানো কাজের আদর্শ ও শৃঙ্খলা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে মর্মে সভায় মত ব্যক্ত করা হয়। বিগত বছরগুলোতে কমিশনের প্রতিটি সাফল্যে তাঁর যে অনবদ্য অবদান রয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পেশাগত সম্পর্কের ঊর্ধ্বে তাঁর অমায়িক ব্যক্তিত্ব এবং নেতৃত্বসুলভ আচরণ কমিশনের সকলের নিকট বিশেষভাবে প্রশংসিত হয়েছে মর্মে উল্লেখ করা হয়। তাঁর অবসর জীবন আনন্দময়, সুস্বাস্থ্যকর ও শান্তিময় হোক এবং তিনি পরিপূর্ণ সুস্থতায় দীর্ঘায়ু লাভ করুন—এই কামনা ব্যক্ত করা হয়। অবসরে গেলেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও মেধা ভবিষ্যতে প্রয়োজনে কমিশনের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে মর্মে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এম. হাছান মাহমুদ ১৭ সেপ্টেম্বর ২০০১ তারিখে উপ-পরিচালক হিসেবে কমিশনের চাকরিতে যোগদান করেন এবং ২০০৬ ও ২০১১ সালে যথাক্রমে পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। চাকরিকালে তিনি কমিশনের কর্পোরেট ফিন্যান্স ডিভিশন, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন, এনফোর্সমেন্ট ডিভিশন, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স ডিভিশন, রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন ডিভিশন/ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুঁজিবাজারের শৃঙ্খলা রক্ষা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সিকিউরিটিজ আইন বাস্তবায়নে বলিষ্ঠ ও দূরদর্শী ভূমিকা রেখেছেন, যা কমিশনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.