বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। গত মাসে প্রবাসী বাংলাদেশিরা তিন দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্সের এই উস্ফলন অব্যাহত রয়েছে চলতি মাসেও। এপ্রিলের প্রথম সাত দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন বা ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক পাঁচ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন ডলার। গত বছর অর্থাৎ, ২০২৫ সালের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩৬ মিলিয়ন ডলার। এর মানে দাঁড়ায় গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ১৮৭ মিলিয়ন বা ১৮ কোটি ৭০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় ২০ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.