হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম আক্রান্ত হয়েছে আরও ১৮৯ জন।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১০ জনের বেশিরভাগই শিশু বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ১ জন মারা গেছে।

তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৯ জন। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন রোগীদের নমুনা ঢাকার রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, যা বেশ সময়সাপেক্ষ।

নিয়ম অনুযায়ী, প্রাথমিকভাবে সন্দেহভাজনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং পরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত তালিকা হালনাগাদ করা হয়। এ কারণে সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.