ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য অল্পসুদে ঋণ সুবিধা চালু করা এবং ঋণ প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এই আহ্বান জানান। তিনি বলেন, করোনা মহামারি ও বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে সিএমএসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এটি দেশের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখে এবং শিল্পখাতে কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ সুযোগ সৃষ্টি করে।
ডিসিসিআই সভাপতি জোর দিয়ে বলেন, এসএমই খাতের জন্য ঋণ প্রক্রিয়া সহজ করা, প্রণোদনা ও কর অব্যাহতি প্রবর্তন এবং সরকারের নেতৃত্বে প্রণীত নীতি কার্যকর করা জরুরি। এছাড়া তিনি জ্বালানি সংকট মোকাবিলায় বেসরকারিখাতের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং বেসরকারিখাতের সঙ্গে সংলাপ চালিয়ে অর্থনীতি ও শিল্প-কারখানার কার্যক্রম সচল রাখার পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.