জুবাইলে পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা, সৌদি–বাহরাইন সেতু বন্ধ

সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে হওয়া এ হামলার পর প্ল্যান্টটিতে আগুন ধরে যায়।

বার্তাসংস্থা এএফপির তথ্যের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, প্ল্যান্টটি জুবাইলের বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সৌদির ব্যাসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, জুবাইলের সাবিক প্ল্যান্টে হামলার পরপরই আগুন ধরে যায় এবং বিস্ফোরণের তীব্রতা ছিল অনেক বেশি।

হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল। ধারণা করা হচ্ছে, নিজেদের প্ল্যান্টে হামলার প্রতিশোধ হিসেবেই সৌদিতে এই হামলা চালানো হয়েছে।

জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, যেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়।

এদিকে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার বাদশা ফাহাদ কসওয়ে সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একমাত্র স্থল সংযোগ, যার মাধ্যমে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যায়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.