জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ হাজার ২৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৪ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল রয়েছে।
এছাড়া, অভিযানে ২ হাজার ৪৫৬ টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়। কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে, ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.