ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপ থেকে ৪ ইসরায়েলের মরদেহ উদ্ধার

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা জানায়, হোম ফ্রন্ট কমান্ডের সহায়তায় কয়েক ঘণ্টার অভিযানের পর ধ্বংসস্তূপের নিচ থেকে প্রথমে দু’জনকে উদ্ধার করা হয়, তবে তাদের শরীরে কোনো প্রাণের স্পন্দন পাওয়া যায়নি। নিহতরা ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও বৃদ্ধা।

পরবর্তীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ৪০ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৩৫ বছর বয়সী নারী। ক্ষেপণাস্ত্র হামলার প্রায় ১৮ ঘণ্টা পর সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এর আগে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, হামলার পর ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।

রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, গুরুতর আহত ওই বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তাকে ঘুমের ওষুধ দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার ৭৮ বছর বয়সী স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে স্থিতিশীল রয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.