নতুন সরকারের প্রথম একনেক, ৬ প্রকল্প অনুমোদন

নতুন সরকারের অধীনে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই একনেক সভায় আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনার পর ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বলতা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা বাস্তব প্রয়োজনের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি ১৩শর বেশি চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা করে সেগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবতা যাচাই করবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অতীতে অনেক সময় রাষ্ট্র ও জনগণের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কারণ নির্বাচিত সরকার সবসময় কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। তবে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২টিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একনেক বৈঠক উপলক্ষে পরিকল্পনা কমিশন চত্বরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ করা হয়েছিল। রাস্তা সংস্কার ও নতুন গাছ লাগিয়ে এলাকাটি গোছানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর এটিই ছিল উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে গঠিত এই শীর্ষ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.