আফগানিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব লিল-হক’-এর জেরে গত ৪০ দিনে ৭৯৬ জন নিহত এবং ১ হাজার ৪৩ জনের বেশি তালেবান সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন আতাউল্লাহ তারার।
গতকাল রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তালেবান বাহিনীর।
তারার আরও বলেন, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত তালেবান সেনাবাহিনীর ২৮৬টি ছাউনি ধ্বংস করা হয়েছে এবং ৪৪টি ছাউনি পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
এছাড়া এই সময়ের মধ্যে আফগান সেনাবাহিনীর ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান ও ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ গত ২ ও ৩ এপ্রিল পাক-আফগান সীমান্তে সংঘর্ষে ৩৭ জন তালেবান যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়।
উল্লেখ্য, তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুকে ঘিরে কয়েক বছর ধরেই পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে, যদিও তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এই উত্তেজনার মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান, যাতে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, টিটিপির ঘাঁটি লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল।
তবে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করে, জঙ্গিঘাঁটি নয় বরং বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত এলাকায় হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের হতাহতের ঘটনাও ঘটে।
এর পরিপ্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল-হক’ শুরু করে পাকিস্তান, যা এখনও অব্যাহত রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.