ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফা-র একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্রটি। এতে ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।
ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধার করে মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।
এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.