৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৩ মে থেকে সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়ে কম উদ্বেগজনক নয়।

অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে এবার হামের প্রাদুর্ভাব হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম বয়সী হওয়ায় তাদের আাগে টিকা দেওয়া হচ্ছে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.