অবৈধ দখল উচ্ছেদ অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক বিভাগ। উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ-এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ১ এপ্রিল থেকে সংস্থাটির বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চলবে আজ ৫ এপ্রিল পর্যন্ত।

সংস্থাটি জানিয়েছে, দিনব্যাপী এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন এলাকায় অভিযান

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতোয়ালি ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় চারটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুসারে মামলা ও মালামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড় থেকে ধলপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৬ জন ব্যবসায়ীকে মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, পান্থপথ থেকে গ্রিন রোড পর্যন্ত অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৩৫টি ভিডিও মামলা ও ৪টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সনি স্কয়ার ঈদগাহ মাঠ, রাইনখোলা ও চিড়িয়াখানা রোড এলাকায় অভিযান চালিয়ে ৪টি দোকানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজনকে গ্রেপ্তার, চারজনের কাছ থেকে মুচলেকা, চারটি ভিডিও মামলা এবং অন্যান্য ধারায় আরও চারটি মামলা করা হয়েছে। আর বাকিদের সতর্ক করা হয়েছে।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩০টি দোকানে মোট ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, টাউন হল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বছিলা এলাকায় দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণ করা হয়েছে। এতে তিনটি দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

গুলশান বিভাগের অধীনে মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ৯টি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। আর উত্তরার বিভিন্ন এলাকায় ৫০টি দোকানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.