দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এ পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ ও সংস্কারের অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি মতামত দিতে পারবেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে প্রস্তাবনায় অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইনগত, নীতিগত ও নিয়ন্ত্রক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করা উচিত। তিনি বলেন, সরকারের নির্দেশনা ও সমন্বয়ে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

পরিষদের সদস্যরা সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান এবং একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা তৈরির সিদ্ধান্ত নেন। প্রস্তাবনায় ব্যবসায়িক পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য লক্ষ্যভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

সভায় সভাপতিত্ব করেন আশিক চৌধুরী। তিনি বলেন, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা এটি।

প্রধান অতিথির সঙ্গে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এছাড়া পরিষদের সদস্যরা হলেন ড. আরিফ দৌলা, সৈয়দ নাসিম মঞ্জুর, হাফিজুর রহমান খান, আহসান খান চৌধুরী, জিয়াউর রহমান, আবদুল মুকতাদির, মোঃ আব্দুল জাব্বার, সোহানা রউফ চৌধুরী এবং সৈয়দ মোহাম্মদ তানভীর।

উল্লেখ্য, সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা কাজ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.