নগদের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোতাসিম বিল্লাহ

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ-এর প্রশাসক হিসেবে দায়িত্বরত পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংক-এর সর্বোচ্চ নিয়োগপ্রাপ্ত পদ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার তাকে এ পদে পদোন্নতি প্রদান করে দাপ্তরিক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

পরিচালক মোতাসিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নগদ-এর প্রশাসক পদে নিয়োগ পান।

শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নগদের পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকে ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্প, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রথম দেশীয় কার্ড স্কিম টাকা-পে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর প্রবর্তনসহ পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তিনি নেতৃত্ব প্রদান করেন।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য আধুনিকায়ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে বহু ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে গত এক বছরে সেবার ক্ষেত্রে নগদ-এর কার্যক্রম ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মাত্র এক বছরের মধ্যে নগদ-এর লেনদেন প্রায় দ্বিগুণ করার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ সাধনেও বড় অর্জন এসেছে এ সময়ে।

শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাংক নিয়ন্ত্রণ, প্রকল্প ব্যবস্থাপনা, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে অসংখ্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.